সরাইলে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ হারালেন ৪ শ্রমিক

0
সরাইলে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ হারালেন ৪ শ্রমিক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে চার শ্রমিক মারা গেছেন। বুধবার দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা সবাই সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের পূর্বপাড়ার বাসিন্দা। এর মধ্যে আছেন গলানিয়া পূর্বপাড়ার রোকন আলীর ছেলে হৃদয় (২৬), ধর্মতীর্থ এলাকার শুকুর আলীর ছেলে আরমান (১৮), গলানিয়া পশ্চিমপাড়ার মোশারফ হোসেনের ছেলে ইমাম হোসেন (২৬) ও গলানিয়া মধ্যপাড়ার দুলাল মিয়ার ছেলে মমসাদ (১৭)।  

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের পশ্চিম পাড়ার আলী মিয়ার নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নেমে প্রথমে একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করতে একে একে আরও কয়েকজন নিচে নামলে তারাও আক্রান্ত হন। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারে কাজ শুরু করেন। সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ মোহাম্মদ জানান, বেলা সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিস খবর পায়। তারা এসে নির্মাণাধীন ভবনের দেওয়াল ভেঙে সেপটিক ট্যাংকের ভেতরে ঢোকেন। পৌনে ছয়টার দিকে চারটি মরদেহ উদ্ধার করা হয়। সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহগুলো থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here