ইউরোপের বাজারে নিজেদের একাধিপত্য ধরে রাখতে এবং আইনি জটিলতা এড়াতে এক বড়সড় পদক্ষেপ নিয়েছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস। রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে জানা গেছে, ওপেনএআইসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটগুলোকে মেটার জনপ্রিয় মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ ব্যবহারে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বিনামূল্যে অ্যাক্সেস দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে এই ফ্রি সুবিধার একটি নির্দিষ্ট সীমা থাকবে এবং সেই সীমা অতিক্রম করলেই এআই প্রতিষ্ঠানগুলোকে গুনতে হবে নির্ধারিত ফি।
ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টিট্রাস্ট সংস্থার ক্রমবর্ধমান চাপের মুখেই মেটা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে ইউরোপীয় কমিশন ইঙ্গিত দিয়েছিল, মেটার বিরুদ্ধে চলমান বাজার একচেটিয়াকরণের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা প্রতিদ্বন্দ্বীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ দিতে একটি অন্তর্বর্তীকালীন আদেশ জারি করতে পারে। মূলত এই আইনি ঝামেলা এড়াতে এবং ইউরোপীয় ওয়াচডগ বা নজরদারি সংস্থাকে শান্ত করতেই গত সপ্তাহে মেটা এই নতুন প্রস্তাব জমা দেয়। যার ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে তাদের মতামত জানানোর জন্য ১৮ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ দূর করতে এবং বিষয়টির একটি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে তারা আপাতত এক মাসের জন্য প্রতিদ্বন্দ্বী এআই চ্যাটবটগুলোকে হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) বিনামূল্যে ব্যবহার করার সুযোগ দিয়েছে। সাধারণত এই এপিআই-এর মাধ্যমেই দুটি ভিন্ন সফটওয়্যার সিস্টেম একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করে থাকে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে মেটা কেবল তাদের নিজস্ব ‘মেটা এআই’ অ্যাসিস্ট্যান্টকে হোয়াটসঅ্যাপে ব্যবহারের অনুমতি দিয়েছিল। পরবর্তীতে মার্চ মাসে নীতিমালায় পরিবর্তন এনে প্রতিদ্বন্দীদের জন্য ফি নির্ধারণ করা হলে ইউরোপীয় কমিশন মেটার বিরুদ্ধে দ্বিতীয় দফায় অভিযোগপত্র গঠন করে। সেই অভিযোগের পিঠেই এবার ফি সাময়িকভাবে স্থগিত রেখে এই নতুন প্রস্তাব নিয়ে এলো মেটা।
তবে মেটার এই তথাকথিত উদার প্রস্তাবে মোটেও সন্তুষ্ট নয় ছোট ও মাঝারি সারির প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। ক্যালিফোর্নিয়ার ‘দ্য ইন্টারঅ্যাকশন কোম্পানি’ এবং ফরাসি স্টার্টআপ ‘এজেন্টিক’-এর মতো প্রতিষ্ঠানগুলো, যারা মেটার বিরুদ্ধে ইউরোপীয় কমিশনে অভিযোগ জানিয়েছিল, তারা এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, মেটার এই পদক্ষেপ আদতে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ ফিরিয়ে আনতে পুরোপুরি ব্যর্থ। ‘এজেন্টিক’-এর প্রতিষ্ঠাতা জেরেমি আন্দ্রে অভিযোগ করেছেন, এই নীতি প্রতিদ্বন্দ্বীদের সাথে বৈষম্যমূলক আচরণ করে, কারণ মেটার নিজস্ব এআই অ্যাসিস্ট্যান্টকে এই এপিআই ব্যবহার করতে হয় না এবং তাদের ওপর কোনো বাড়তি ফি-র বোঝাও চেপে বসে না। ছোট প্রতিষ্ঠানগুলো সাফ জানিয়ে দিয়েছে, মেটা যদি অবিলম্বে আরও গঠনমূলক কোনো প্রস্তাব নিয়ে না আসে, তবে তারা ইউরোপীয় কমিশনকে মেটার বিরুদ্ধে কঠোর অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়ার জন্য জোরালো তাগিদ দেবে।

