যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি নিয়া।
তিনি বলেছেন, যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে ইরানের পিছু হটার কোনও সুযোগ নেই এবং দেশটির সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
মঙ্গলবার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আকরামি নিয়া বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুতি বজায় রেখেছে। তিনি দাবি করেন, যুদ্ধে ইরানি বাহিনী শত্রুপক্ষকে তাদের কোনও লক্ষ্য অর্জন করতে দেয়নি।
ইরানের এই সেনা কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালীর পশ্চিমাংশ নিয়ন্ত্রণ করছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিট এবং পূর্বাংশ নিয়ন্ত্রণ করছে দেশটির নিয়মিত নৌবাহিনী। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে বিশ্বের বড় অংশের জ্বালানি তেল পরিবহন হয়।
তিনি আরও দাবি করেন, যুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। যদিও এ বিষয়ে তিনি নির্দিষ্ট কোনও তথ্য বা প্রমাণ উপস্থাপন করেননি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের নতুন কোনও সামরিক সরঞ্জাম হরমুজ প্রণালী অতিক্রম করতে দেওয়া হবে না।
আকরামি নিয়া বলেন, “ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে শত্রুপক্ষের ধারণা ছিল ভুল। আমাদের এমন অনেক সক্ষমতা রয়েছে, যা তারা কল্পনাও করতে পারেনি।”
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির পরও ইরানের এই ধরনের কড়া বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সূত্র: আল-জাজিরা

