ইত্তেহাদ এয়ারওয়েজ আগামী জুন থেকে পুনরায় জেএফকে-আবুধাবি-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। প্রাথমিকভাবে পরীক্ষামূলক সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন এয়ারলাইন্সটির গ্লোবাল সেলস ম্যানেজার মোহাম্মদ আনোয়ার।
সোমবার (১১ মে) নিউইয়র্কে আয়োজিত ট্র্যাভেল ব্যবসায়ীদের এক সমাবেশে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আগামী অক্টোবর পর্যন্ত চার মাস জেএফকে-আবুধাবি-ঢাকা রুটে পরীক্ষামূলকভাবে ফ্লাইট পরিচালনা করা হবে। যাত্রী চাহিদা সন্তোষজনক হলে এই রুটে স্থায়ীভাবে ফ্লাইট চালু রাখা হবে।
উল্লেখ্য, যাত্রী সংকটের কারণে কয়েক বছর আগে এই রুটে ইত্তেহাদের ফ্লাইট বন্ধ হয়ে যায়। তবে প্রবাসী বাংলাদেশিদের চাহিদা এবং ট্র্যাভেল ব্যবসায়ীদের আগ্রহের কারণে পুনরায় এই রুট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
নিউইয়র্কের জ্যাকসন হাইটস সংলগ্ন উডসাইড এলাকায় ‘গুলশান টেরেস’-এ আয়োজিত অনুষ্ঠানে ইত্তেহাদ এয়ারওয়েজের সেলস (স্পেশিয়াল্টি) ডিরেক্টর এম বরকত আলী স্বাগত বক্তব্যে বলেন, ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুট হয়ে জেএফকে গমনকারী অন্যান্য এয়ারলাইন্সের তুলনায় ইত্তেহাদের ভাড়া তুলনামূলক কম এবং সেবার মান উন্নত। পাশাপাশি যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে বিমানের আসন ও অভ্যন্তরীণ সেবাও আধুনিকভাবে সাজানো হয়েছে।
গ্লোবাল সেলস ম্যানেজার মোহাম্মদ আনোয়ার বলেন, যাত্রী পরিবহনে ইত্তেহাদ সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়েছে, যাতে যাত্রীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের অভিজ্ঞতা পান। আতিথেয়তা ও সার্ভিসের মানও আগের তুলনায় আরও উন্নত করা হয়েছে।
অনুষ্ঠানে কানাডাভিত্তিক ট্র্যাভেল প্রতিষ্ঠান ভয়জ্যান্ট-এর ভাইস প্রেসিডেন্ট (বিজনেস ডেভেলপমেন্ট) পারভেজ খান জানান, ইত্তেহাদ, এমিরেটস, এয়ার চায়না, এয়ার ইন্ডিয়া, আমেরিকান এয়ারলাইন্সসহ বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট তারা বিক্রি করে থাকেন। সেবার মানের দিক থেকে ইত্তেহাদ অনেক এগিয়ে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশি-আমেরিকান ট্র্যাভেল এজেন্টদের সহযোগিতায় পুনরায় চালু হওয়া এই রুটে যাত্রী সংকট হবে না।
সমাবেশে উপস্থিত ট্র্যাভেল ব্যবসায়ীরা জেএফকে-আবুধাবি-ঢাকা রুটে ইত্তেহাদের ফ্লাইট পুনরায় চালুর ঘোষণাকে স্বাগত জানান। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে জেএফকে-আবুধাবি-ঢাকা রুটের রাউন্ডট্রিপ টিকিটসহ বিভিন্ন গিফট কার্ড পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

