যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আয়োজিত মতবিনিময় সভায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে ৯ দফা দাবি পেশ করেছেন প্রবাসীরা। একই সময় ভেদাভেদ ভুলে সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
রবিবার সন্ধ্যায় উডসাইডের গুলশান ট্যারেসে আয়োজিত সভায় মন্ত্রী বলেন, সরকার প্রবাসীদের সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নিচ্ছে। প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পাশাপাশি মন্ত্রণালয়ে অভিযোগ গ্রহণে বিশেষ সেল ও হটলাইন চালু করা হবে। যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তার নেতৃত্বে এ জন্য একটি কমিটিও গঠন করা হবে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, প্রবাসীদের সর্বস্বান্ত করা জনশক্তি ব্যবসার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে প্রবাসীদের ৯ দফা দাবি তুলে ধরা হয়। দাবির মধ্যে ছিল বিমানবন্দরে হয়রানি বন্ধ, সরকারি খরচে মরদেহ দেশে পাঠানো, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা, রেমিট্যান্স প্রণোদনা বাড়ানো, নিউইয়র্ক রুটে বিমান চালু এবং ভোটাধিকার সহজ করা।
সভায় বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।

