‘প্রত্যন্ত অঞ্চলকে আধুনিক যোগাযোগের আওতায় আনতে সরকার কাজ করছে’

0
‘প্রত্যন্ত অঞ্চলকে আধুনিক যোগাযোগের আওতায় আনতে সরকার কাজ করছে’

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোকে আধুনিক যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনতে রেলপথ সম্প্রসারণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

তিনি বলেন, রেললাইন সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়িত হলে সীমান্তবর্তী ও দুর্গম অঞ্চলের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।  

বুধবার নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ঝাঞ্জাইল রেল স্টেশন হতে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের লক্ষ্যে সরেজমিন পরিদর্শন এবং সুধীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, নেত্রকোনার দুর্গাপুর অঞ্চলের পর্যটন, ব্যবসা-বাণিজ্য, কৃষি ও স্থানীয় অর্থনীতির বিকাশে জারিয়া ঝাঞ্জাইল হতে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ একটি সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই রেললাইন সম্প্রসারণের কাজ বাস্তবায়িত হলে সীমান্তবর্তী ও দুর্গম অঞ্চলের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, ‘এটি (ঝাঞ্জাইল) ১০৮ বছর পুরনো একটি স্টেশন। কিন্তু ১০৮ বছর আগে যে উন্নয়ন হয়েছিল, সেই উন্নয়নেই যেন সবকিছু থেমে আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রেল প্রতিমন্ত্রীর নেতৃত্বে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতায় এই দীর্ঘস্থায়ী স্থবিরতার অবসান ঘটবে। নেত্রকোনার এই সম্ভাবনাময় অঞ্চলেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘গত নির্বাচনে এ অঞ্চলের মানুষের কাছে বিদ্যমান রেললাইনের উন্নয়ন ও সম্প্রসারণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আমি আশা করছি, এই এলাকার মানুষ এর সুফল পাবেন, ইনশাআল্লাহ।’

পরিদর্শনকালে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, এই অঞ্চলের সন্তান ডেপুটি স্পিকার কায়সার কামাল এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি জারিয়া স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন এবং তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। লাইনটি সম্প্রসারণের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি এবং ভূমি অধিগ্রহণের কাজ চলছে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি, বণিক সমিতির সভাপতি, উপজেলা বিএনপি সভাপতি, উপজেলা জামায়াতের আমিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here