ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

0
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার বিকেলে এর প্রতিবাদে শহরের বিভিন্ন এলাকায় একাধিক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর নেতৃত্বে শহরের মেড্ডা বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন এলাকার কাছে গিয়ে শেষ হয়।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মহসিদ হৃদয়ের নেতৃত্বে কাজীপাড়া এলাকা থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সেটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এ ছাড়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোকররম হোসেনের নেতৃত্বে পাওয়ার হাউজ রোড এলাকা থেকে আরেকটি মিছিল বের হয়ে সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমানের নেতৃত্বে ফুলবাড়িয়া এলাকা থেকেও একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা সদর থানার প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলগুলোতে অংশ নেওয়া নেতাকর্মীরা ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী অভিযোগ করে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা এখনও এলাকায় সক্রিয় রয়েছে এবং মোবাইল ফোনে একে অপরের সঙ্গে যোগাযোগ করছে বলে তারা আগেই পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁর দাবি, এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তার মোবাইল ফোনে মিছিলের ছবি পাওয়া গেছে এবং এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here