চলতি আইপিএলে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই টি-টোয়েন্টি ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ে আলোচনায় এই বাঁহাতি ওপেনার। এবার তিনি ভেঙে দিয়েছেন ক্রিস গেইলের ১৪ বছর পুরোনো ছক্কার রেকর্ডও।
তবে নিজের রেকর্ড ভাঙায় মোটেও হতাশ নন টি-টোয়েন্টির কিংবদন্তি গেইল। বরং রাজস্থান রয়্যালসের তরুণ ব্যাটারকে ‘নতুন ছক্কা মেশিন’ বলে প্রশংসা করেছেন তিনি।
বুধবার নিউ চন্ডিগড়ে আইপিএলের এলিমিনেটর ম্যাচে বৈভবের বিধ্বংসী ব্যাটিংয়ের শিকার হয় সানরাইজার্স হায়দরাবাদ। প্যাট কামিন্স ও ইশান মালিঙ্গার মতো বোলারদের ওপর চড়াও হয়ে ৫টি চার ও ১২টি ছক্কায় মাত্র ২৯ বলে ৯৭ রান করেন তিনি।
আউট হওয়ার ওভারে টানা আক্রমণে ২৮ বলেই ৯৭ রানে পৌঁছে গিয়েছিলেন বৈভব। সামনে ছিল গেইলের ৩০ বলে দ্রুততম আইপিএল সেঞ্চুরির রেকর্ড ভাঙার সুযোগ। কিন্তু পরের বলে আরও একটি ছক্কা মারতে গিয়ে ডিপ থার্ড ম্যানে ক্যাচ দেন এই বাঁহাতি ওপেনার।
সেঞ্চুরি না পেলেও ২৯ বলে ৯৭ রানের ইনিংসে একাধিক রেকর্ড গড়েছেন বৈভব। ম্যাচ চলাকালে তার কীর্তি নিয়ে সম্প্রচারিত দুটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন গেইল।
একটি স্টোরিতে বৈভবকে ‘ইউনিভার্সাল বেবি বস’ উল্লেখ করে গেইল লেখেন, ‘তাণ্ডব বৈভব সূর্যবংশী! দুর্ভাগ্য (সেঞ্চুরি হয়নি)। তবে তুমি সেখানে ঠিকই পৌঁছে যাবে।’
আরেকটি স্টোরিতে তিনি লেখেন, ‘অসাধারণ বৈভব সূর্যবংশী! নতুন ছক্কা মেশিন।’
গেইলের এই প্রশংসা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ক্রিকেটপ্রেমীরা ‘ইউনিভার্স বস’-এর কাছ থেকে ‘ইউনিভার্সাল বেবি বস’-এর এমন স্বীকৃতিকে বিশেষভাবে দেখছেন।
চলতি আসরে এখন পর্যন্ত ১৫ ইনিংসে ৬৫টি ছক্কা মেরেছেন বৈভব। এর মাধ্যমে ভেঙে গেছে ২০১২ সালের আইপিএলে গেইলের গড়া ৫৯ ছক্কার রেকর্ড। সে সময় ১৪ ইনিংসে ৪৫৬ বল খেলে ৫৯টি ছক্কা মেরেছিলেন গেইল। আর বৈভব ২৬৬ বল খেলেই ছুঁয়েছেন ৬৫ ছক্কার মাইলফলক।
এ ছাড়া আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক আসরে তিনটি ইনিংসে ১০ বা তার বেশি ছক্কা মেরেছেন তিনি। সব মিলিয়ে চারটি ইনিংসে অন্তত ১০টি ছক্কা রয়েছে তার, যা গেইলের রেকর্ডের সমান।
টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৫ ইনিংসে ২৪২ দশমিক ৮৫ স্ট্রাইক রেটে ৬৮০ রান করেছেন বৈভব। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক আসরে অন্তত ৬০০ রান করা ব্যাটারদের মধ্যে এটিই সর্বোচ্চ স্ট্রাইক রেট। এর আগে ২০২২ সালের টি-টোয়েন্টি ব্লাস্টে ১৯২ দশমিক ২৮ স্ট্রাইক রেটে ৬২৩ রান করেছিলেন রাইলি রুশো।
বৈভবের ৬৮০ রানের মধ্যে ৪৯০ রানই এসেছে পাওয়ার প্লেতে। এটিও আইপিএলের নতুন রেকর্ড। এর আগে ২০১৬ সালে পাওয়ার প্লেতে ৪৬৭ রান করেছিলেন সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা জেতানো ডেভিড ওয়ার্নার।

