ইরানের হরমুজ প্রণালি পরিচালনাকারী কর্তৃপক্ষের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

0
ইরানের হরমুজ প্রণালি পরিচালনাকারী কর্তৃপক্ষের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণকারী ইরানি সংস্থা ‘পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। গতকাল বুধবার ওয়াশিংটনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। ইরানের তৈরি এই সংস্থাটি মূলত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে অনুমতি দেওয়ার কাজটি করে থাকে।

বিশ্বে মোট তেল সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই হরমুজ প্রণালি দিয়ে হয়ে থাকে। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর তেহরানের একক নিয়ন্ত্রণ বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেছে। বিশেষ করে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর তেহরান কার্যত এই প্রণালিটি বন্ধ করে দেয়। এর জেরে বিশ্বজুড়ে তেল সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে তীব্র অস্থিরতা তৈরি হয়।

এমন পরিস্থিতির মধ্যেই নতুন এই নিষেধাজ্ঞা জারি করল মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, কোনো পক্ষ যদি এই হরমুজ প্রণালি কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা কাজ করে, তবে ধরে নেওয়া হবে তারা ইরানের ইসলামী বিপ্লবী গার্ডকে (আইআরজিসি) সহযোগিতা করছে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপরও কঠোর নিষেধাজ্ঞা নেমে আসতে পারে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী মন্তব্য করেছেন, সম্প্রতি বৈশ্বিক সমুদ্রপথে বাণিজ্যের ক্ষেত্রে ইরানের জোর করে মাশুল আদায়ের চেষ্টার মধ্য দিয়েই বোঝা যাচ্ছে যে ‘ইকোনমিক ফিউরি’ অভিযানের কারণে দেশটির সরকার এখন অর্থের জন্য কতটা মরিয়া হয়ে পড়েছে। এদিকে, নিষেধাজ্ঞা ধেয়ে আসার ঠিক এক সপ্তাহ আগেই ‘পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি’ একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে, যেখানে আবারও হরমুজ প্রণালির দুই পাশে বিস্তৃত বিশাল জলসীমার ওপর ইরানের একক মালিকানা দাবি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here