বাংলাদেশজুড়ে যখন পবিত্র ঈদুল আজহার উৎসবের আমেজ, তখন আরব সাগরের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ভারতের গোয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলের ক্যাম্পে ঈদের সেই চেনা রঙের ছোঁয়া নেই। তার বদলে সেখানে বিরাজ করছে পুরোদস্তুর পেশাদার মেজাজ। আজ রাতেই মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা অভিযান শুরু হতে যাচ্ছে। মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে।
গোয়ার স্থানীয় মুসলিম সম্প্রদায়ের ঘরে ঘরে যখন সুগন্ধি বিরিয়ানি আর শির খুরমার সুবাসে ঈদের আনন্দ বইছে, তখন বাংলাদেশ দলের মেয়েদের ঈদ উৎসব বন্দী হয়ে আছে চারদেয়ালের রুমে। মুঠোফোনের ওপারে থাকা মা-বাবা বা পরিবারের অন্যদের সঙ্গে একটুখানি শুভেচ্ছা বিনিময়ই ছিল তাঁদের ঈদের আনন্দ। জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকে কিছুটা দূরে উটোরডা সৈকতের কাছে বিলাসবহুল পাঁচ তারকা বিচ রিসোর্ট ‘প্ল্যানেট হলিউডে’ অবস্থান করছে বাংলাদেশ, ভারত ও নেপাল; সাফের শিরোপার দাবিদার এই তিন পরাশক্তি।
বিলাসবহুল এই রিসোর্টে সমুদ্রের নোনা হাওয়া খেলা করলেও আফঈদাদের ঈদের সকালটা কেটেছে অন্য দশটা সাধারণ ‘ম্যাচ ডে’র মতোই। আজ সকালে খেলোয়াড়দের জন্য নির্ধারিত সূচি মেনে ‘অপশনাল ব্রেকফাস্ট’ এর ব্যবস্থা থাকলেও ঈদের দিনে খাবারের টেবিলে বিশেষ কোনো আয়োজন ছিল না। দলের ম্যানেজার খালিদ মাহমুদ স্পষ্ট জানিয়েছেন, খেলোয়াড়দের কঠোর ডায়েট চার্টের বাইরে একচুল যাওয়ার সুযোগ নেই। কড়াকড়ি কতটা তীব্র, তা বোঝা যায় কদিন আগে দলে যোগ দেওয়া সুইডেনপ্রবাসী ফুটবলার আনিকা সিদ্দিকীর জন্মদিনের কেক কাটার পর সেই কেক খাওয়ার ওপর অলিখিত নিষেধাজ্ঞা জারির ঘটনায়।
ঈদের সকালে দলের অফিশিয়ালরা স্থানীয় মসজিদে গিয়ে নামাজ আদায় করলেও মেয়েদের রুটিন ছিল পুরোপুরি ছকে বাঁধা। বাংলাদেশ দলের ম্যানেজার বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে জানান, তাঁদের আসলে কোনো ঈদ নেই এবং অন্য সব ম্যাচ ডে-র মতোই তাঁরা আজ কাটচ্ছেন। দুপুরের খাবারের পর থেকেই শুরু হবে আসল মানসিক প্রস্তুতি। টিম মিটিংয়ে কোচ ও খেলোয়াড়েরা বসার পর বিকেল ৪টায় ঘোষণা করা হবে ম্যাচের মূল একাদশ। এরপর ঠিক বিকেল ৫টায় স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেবে দল।

