চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন জাপানের অধিনায়ক ওয়াতারু এন্ডো। সান্ডারল্যান্ডের বিপক্ষে পাওয়া পায়ের চোটের জন্য ফেব্রুয়ারিতে অস্ত্রোপচার করার পর টুর্নামেন্টে আসার আগে লিভারপুলের এই মিডফিল্ডারের ফিটনেস নিয়ে উদ্বেগ ছিল।
এর কারণে গত মৌসুমে তিনি লিভারপুলের হয়ে আর মাঠে নামেননি। এরপরও তাকে এন্ডো হাজিমে মোরিয়াসুর বিশ্বকাপ দলে তাকে রাখা হয়। মে মাসের শেষে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে ফেরেন, যেখানে তিনি ৪৫ মিনিট খেলেন। সেই প্রীতি ম্যাচটিই ‘ব্লু সামুরাই’-এর হয়ে তার শেষ ম্যাচ ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে এই ফুটবলার বলেন, আমার চোটের পর থেকে আমি এখন পর্যন্ত যা যা করা সম্ভব ছিল, তার সবই করেছি, তাই আমার কোনো আফসোস নেই। অবশ্যই, এই বিশ্বকাপে অংশ নিতে না পারার হতাশা রয়েছে। কিন্তু তার চেয়েও বড় কথা হলো, কাতার বিশ্বকাপের পর থেকে আমরা যেভাবে একসঙ্গে উন্নতি করেছি, তা নিয়ে আমি গর্বিত। আমি অধিনায়ক হিসেবে এই দলকে নেতৃত্ব দিয়েছি এবং ‘বিশ্বকাপ জেতা’-র আমাদের লক্ষ্যকে এমন একটি বিষয়ে পরিণত করেছি যা আমরা এখন স্বাভাবিকভাবেই বলতে পারি।
তিনি আরও বলেন, বর্তমান দলটি সত্যিই একটি অসাধারণ দল। আমি বিশ্বাস করি, তারা যেকোনো প্রতিকূলতা কাটিয়ে উঠবে এবং আমাদের এমন কিছু দেখাবে যা আমরা আগে কখনো দেখিনি। এই অভিযানের মাধ্যমে আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। তাই এখন থেকে আমি একজন ভক্ত হিসেবে জাপান জাতীয় দলকে সমর্থন করে যাব। এদিকে এন্ডোর পরিবর্তে শুতো মাচিনোকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

