বিজেপিকে অভিনন্দন জানালেন তৃণমূলের দেব

0
বিজেপিকে অভিনন্দন জানালেন তৃণমূলের দেব

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয়ের পর সরকার গঠনের পথে থাকা ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) অভিনন্দন জানিয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। নতুন সরকারের প্রতি ইতিবাচক বার্তা দেওয়ার পাশাপাশি রাজ্যের চলচ্চিত্র শিল্প ও নিজের নির্বাচনী এলাকার দীর্ঘদিনের দাবি নিয়ে সরব হয়েছেন তিনি।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দেব বলেন, বাংলায় নতুন সরকার গঠনের ম্যান্ডেট পাওয়ায় বিজেপি-কে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আন্তরিকভাবে আশা করি, এই সরকার আমাদের রাজ্যের অগ্রগতি, শান্তি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করবে এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর যাতে শোনা যায়, তা নিশ্চিত করবে।

জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি অভিনয়জগতের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত দেব বাংলা চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ নিয়েও তার প্রত্যাশা ব্যক্ত করেছেন। নতুন সরকারের কাছে সনির্বন্ধ অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা যেন ঐক্য ও শৈল্পিক স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখেন। বাংলা চলচ্চিত্র শিল্পের ভেতরে যে নিষেধাজ্ঞা ও বিভাজনের সংস্কৃতি রয়েছে, তা যেন এবার অতীত হয়ে যায়। তিনি মনে করিয়ে দেন যে, চলচ্চিত্র বাংলার অন্যতম শ্রেষ্ঠ পরিচয়, আর এর প্রকৃত বিকাশ সম্ভব কেবল পারস্পরিক শ্রদ্ধা ও সম্মিলিত অগ্রগতির মাধ্যমেই।

এ ছাড়া নিজের নির্বাচনী কেন্দ্র ঘাটালের দীর্ঘদিনের সমস্যা মেটাতেও নতুন সরকারের সহযোগিতা চেয়েছেন এই তারকা সাংসদ। তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান সম্পন্ন করার বিষয়ে আমি নতুন সরকারের পূর্ণ সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি। ঘাটালের মানুষের কাছে এটি একটি দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও সময়ের দাবি। রাজনীতির ঊর্ধ্বে উঠে এটি আসলে মানুষের জীবন রক্ষা এবং জীবিকা নিশ্চিত করার লড়াই। 

রাজনীতির ময়দানে মতভেদ থাকলেও রাজ্যের স্বার্থে এবং মানুষের উন্নয়নে নতুন সরকারের সঙ্গে গঠনমূলক সহযোগিতার ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের এই প্রভাবশালী নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here