হৃদ্রোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর পর শেষবারের মতো মরদেহ দেখতে প্যারোলে মুক্তি চেয়েও পান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. শাহরুখ খান। প্যারোলে মুক্তি না পাওয়ায় ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় কারাফটকে বাবার মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়। বুধবার বরিশাল কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটেছে।
কারাবন্দি আহসান শাহরুখ বরিশাল নগরীর ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। নগরীর নিউ সার্কুলার রোড গাজী বাড়ী এলাকার বাসিন্দা মো. আবুল বাশারের ছেলে।
শাহরুখের ছোট ভাই মো. আল আমিন বলেন, বাবার মৃত্যুর পর প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে রাজনৈতিক মামলা শুনে দীর্ঘ সময় কেউ সহযোগিতা করেনি। পরে অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে দেখা করলে তিনি জানান, প্যারোলে মুক্তি দেওয়া সম্ভব নয়। জেলগেটে দেখা করতে হবে। পরে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারের ফটকে যান।
স্বজনদের দাবি, সেখানে তিনজনের বেশি প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
প্যারোলের আবেদন করা আইনজীবী মো. মিজানুর রহমান মিন্টু বলেন, আমরা প্যারোলের আবেদন করেছিলাম। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্যারোলে মুক্তি সম্ভব নয়। জেলগেটে সাক্ষাতের সুযোগ দেওয়া হবে।
এ বিষয়ে জানতে বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

