জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর করে থানায় নিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
শনিবার দুপুরে নগরীর বহদ্দারহাট ফরিদার পাড়া এলাকায় নাঈম হাসানের বাসায় গিয়ে দুঃখ প্রকাশ করেন সিএমপি কমিশনার শওকত আলী। তিনি সেখানে নাঈম হাসানের সঙ্গে একান্তে কথা বলেন। নাঈমের পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করেন তিনি।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিএমপি কমিশনার। তিনি বলেন, নাঈম সাহেবের কাছ থেকে আমি নিজে ডিটেইল শুনেছি। কাল রাতে শোনার পরই ব্যবস্থা নিতে বলেছি। এ ব্যাপারে পুলিশ সদস্যদের মধ্যে যারা দায়ী আছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই পর্যন্ত দুজনকে আমরা সাময়িক বরখাস্ত করেছি। একজন এসআই শফিকুল ইসলাম, আরেকজন কনস্টেবল রাসেল দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

