নাঈম হাসানকে মারধরে জড়িত কাউকে ছাড় নয়: সিএমপি কমিশনার

0
নাঈম হাসানকে মারধরে জড়িত কাউকে ছাড় নয়: সিএমপি কমিশনার

চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও থানায় নিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেন, এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

শনিবার ১৩ জুন বেলা ১২টার দিকে নগরীর বহদ্দারহাট ফরিদার পাড়া এলাকায় নাঈমের বাসায় গিয়ে দুঃখ প্রকাশ করেন সিএমপি কমিশনার। এ সময় তিনি নাঈম ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত শোনেন।

পরে সাংবাদিকদের তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত দুই পুলিশ সদস্যকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল। শুধু বরখাস্ত নয়, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

কমিশনার বলেন, পুলিশ সবসময় পেশাদারভাবে কাজ করতে চায়। তবে কেউ যদি অপেশাদার আচরণ করে, তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতেই দায়ীদের ছাড় দেওয়া হবে না।

ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে থাকা সংশ্লিষ্ট সবার বিরুদ্ধেই বিভাগীয় মামলা হবে বলে জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার সময় পুলিশের এক সোর্স নিজেকে ডিবি পরিচয় দিয়ে মারধর করেছে এমন অভিযোগ পাওয়া গেছে। তাকে ইতোমধ্যে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে একটি অবৈধ কর্মকাণ্ড সংক্রান্ত তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে গিয়ে যেভাবে আচরণ করা হয়েছে, তা কোনোভাবেই পেশাদার ছিল না।

গত শুক্রবার রাতে ঢাকা থেকে ফেরার পথে লালখানবাজার এলাকায় নাঈমকে বহনকারী সিএনজি থামানো হয়। অভিযোগ রয়েছে, তাকে গলা চেপে ধরে গাড়িতে তোলার চেষ্টা করা হয় এবং পরে লাঠি ও পাইপ দিয়ে মারধর করা হয়। স্থানীয়রা তার পরিচয় নিশ্চিত করলেও নির্যাতন বন্ধ হয়নি। পরে তাকে খুলশী থানায় নেওয়া হয়।

বর্তমানে নাঈম হাসান প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় রয়েছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি মানসিকভাবে বিপর্যস্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here