নড়াইলে হত্যা মামলার আসামিপক্ষের হামলায় বাদীপক্ষের ৩ নারী আহত

0
নড়াইলে হত্যা মামলার আসামিপক্ষের হামলায় বাদীপক্ষের ৩ নারী আহত

নড়াইল সদর উপজেলায় বাবা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে হত্যা মামলার আসামি পক্ষের লোকজনের হামলায় বাদী পক্ষের তিন নারী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার ভোরে উপজেলার বড়কুলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- হাবিল শেখের স্ত্রী পারভীন বেগম (৫০), ফেরদৌসের স্ত্রী সারুপা বেগম (৩০) এবং একই গ্রামের গৃহবধূ সেলিনা (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ভোররাতে বড়কুলা গ্রামের খলিল শেখ, তার পিতা-পুত্রসহ তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়েরুজ্জামান খায়েরসহ তার অনুসারীদের আসামি করা হয়েছে।

আহত পারভীন বেগম অভিযোগ করে বলেন, হত্যা মামলার পর থেকে আসামি পক্ষ তাদের মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছিল। ভোর ৬টার দিকে তারা বাড়ির পাশে হাঁটাহাঁটি করার সময় হঠাৎ পিছন দিক থেকে ৫–৬ জন এসে তাদের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের কোপ ও লাঠির আঘাতে তিন নারী গুরুতর আহত হন।

স্বজনরা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here