গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র কর্মীদের সঙ্গে ইসরায়েলের আচরণকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে দেশটির রাষ্ট্রদূতকে তলব করার ঘোষণা দিয়েছে ইতালি।
রোম জানিয়েছে, ঘটনার ব্যাখ্যা চাইতেই ইসরায়েলি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হবে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এক যৌথ বিবৃতিতে বলেন, ফ্লোটিলার কর্মীদের সঙ্গে আচরণের জন্য ইসরায়েলের কাছে আনুষ্ঠানিক ক্ষমা দাবি করছে ইতালি। একই সঙ্গে ইতালীয় সরকারের অনুরোধের প্রতি ‘পূর্ণ অবজ্ঞা’ প্রদর্শনের অভিযোগও তোলা হয়েছে।
ফ্লোটিলা আয়োজকদের দাবি, জাহাজটিতে অন্তত ৩০ জন ইতালীয় নাগরিক ছিলেন, যাদের আটক করেছে ইসরায়েল।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে একজন সংসদ সদস্য এবং একজন সাংবাদিকও রয়েছেন।
গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা এই ফ্লোটিলাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইতালি বলছে, আন্তর্জাতিক মানবাধিকার ও কূটনৈতিক রীতিনীতির প্রতি সম্মান দেখানো উচিত ছিল এবং বেসামরিক কর্মীদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়।
বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধকে ঘিরে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা পদক্ষেপ নিয়ে ক্রমবর্ধমান অস্বস্তিরই প্রতিফলন এই কূটনৈতিক পদক্ষেপ। সূত্র: আল-জাজিরা

