খাগড়াছড়ি সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি পুকুর থেকে কৃষ্ণ দে (৫২) নামে এক পরিবহন শ্রমিকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) রাতে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত কৃষ্ণ দে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কে চলাচলকারী বাসের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি শহরের শান্তিনগর লিংক রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হতে পারে। ঘটনাস্থল থেকে চোলাই মদের বোতলও উদ্ধার করা হয়েছে।
তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

