জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভক্ত করা অধ্যাদেশের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত হওয়া অতিরিক্ত কর কমিশনার সুলতানা হাবীবার ছাঁটাই আদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে তিন বছরের জন্য তার বেতন তিন ধাপ অবনমিত করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বলছে, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বেতন তিন ধাপ অবনমিতকরণ করে ৫৬ হাজার ৩০ টাকা থেকে তিন বছরের জন্য কমিয়ে ৪৯ হাজার ৯০ টাকা করা হয়েছে। পাশাপাশি তার সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়।
গত বছরের ১২ মে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বিভক্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার। অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলন শুরু করে এনবিআরের কর্মকর্তারা। আন্দোলনের সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বরখাস্ত হন অতিরিক্ত কর কমিশনার সুলতানা হাবীবা।
ওই বছরের ২১ মে, ২৫ জুন এবং ২৬ জুন হোয়াটসঅ্যাপে সুলতানা হাবীবা অধ্যাদেশ বাতিল চেয়ে এবং ‘মার্চ টু এনবিআর’র পক্ষে বিভিন্ন পোস্ট দেন। ওই বছরের ১৮ আগস্ট তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

