কবে জানা যাবে হামজাদের নতুন কোচের নাম, যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

0
কবে জানা যাবে হামজাদের নতুন কোচের নাম, যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

কে হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ? এ নিয়ে গত কদিন ধরেই চলছে নানা জল্পনা-কল্পনা। বিশেষ করে ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানকে নিয়ে আগ্রহ তুঙ্গে থাকলেও তার বিশাল পারিশ্রমিক বাফুফের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

‎এ অবস্থায় আজ পল্টনের শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে জাতীয় দলের কোচ নিয়োগে বিলম্ব এবং বাফুফের প্রস্তাবনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন সাবেক এ গোলকিপার।

‎‎দীর্ঘ যাচাই–বাছাই শেষে বাফুফে তিনজনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে। তাঁদের মধ্যে ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানের নামই জোরালোভাবে আলোচিত হচ্ছে। অন্য দুজন বার্নড স্টর্ক ও টমাস ডুলি।

কোচ নিয়োগ নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ইতিমধ্যে বাফুফে প্রেসিডেন্টের সঙ্গে এবং তাদের যে টিম রয়েছে, তাদের সঙ্গে কথা বলেছি। যেহেতু কোচদের একটি শর্ট লিস্ট হয়েছে। আমি আশা করছি আগামী দুই-তিন দিনের মধ্যেই আপনারা জানতে পারবেন নতুন কোচের নাম।’

কোলম্যানের মতো ব্যয়বহুল কোচের অন্তর্ভুক্তি ও বাজেট সীমাবদ্ধতার বিষয়ে প্রশ্ন করা হলে ক্রীড়া প্রতিমন্ত্রী বাস্তবতাকেই সামনে আনেন, ‘আমাদের সীমাবদ্ধতা রয়েছে। রাতারাতি কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয়। যে কোচ আসুক না কেন, তাঁকে একটি নির্ধারিত সময় দেওয়া উচিত। আমরা সব বিষয় নিয়ে আলোচনা করছি, একটু অপেক্ষা করেন, আপনারা কাঙ্ক্ষিত ফল জানতে পারবেন।’

‎‎এ সময় ক্রীড়া ক্ষেত্রে সরকারি বরাদ্দ ও বাজেটের অপ্রতুলতা প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান বাজেট আমাদের চিন্তাভাবনার তুলনায় অপ্রতুল। তবে মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। আমরা একটি নতুন কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছি এবং আশা করি আগামী অর্থবছরে ক্রীড়াঙ্গনের জন্য বাজেটের একটি বৃহৎ অংশ নতুনভাবে বাস্তবায়িত হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here