২০১৬ সালে ইংল্যান্ডে আসার পর থেকে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন পেপ গার্দিওলা। ২০ ট্রফির মধ্যে সিটির প্রথম চ্যাম্পিয়ন্স লিগও এসেছে ৫৫ বছর বয়সী কোচের হাত ধরে। বোর্নমাউথ ও অ্যাস্টন ভিলার বিপক্ষে মৌসুমের শেষ দুটি ম্যাচ জিতলে এবং রোববার আর্সেনাল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জিততে ব্যর্থ হলে আরেকটি শিরোপা যোগ করতে পারবেন তিনি।
দ্য ডেইলি মেইল ও দ্য অ্যাথেলেটিক প্রতিবেদন করেছে, ইতিহাদের ভিলার বিপক্ষে ম্যাচ শেষে গার্দিওলা পদত্যাগ করবেন। এই গুঞ্জন নিয়ে সিটি কোনো মন্তব্য করেনি। তবে স্প্যানিশ কোচ সিটিকে জানিয়ে দিয়েছেন, তিনি এই মৌসুমের পর সরে দাঁড়াচ্ছেন। শেষ করছেন ১০ বছরের সম্পর্ক। যদিও ২০২৭ সালের জুন পর্যন্ত তার বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে। কিন্তু এক বছর আগেই সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন ৫৫ বছর বয়সী কোচ।
এই খবর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনিন ক্লাব কিংবা কোচ। কিন্তু ইংল্যান্ডের গণমাধ্যম বলছে, শিগগিরই ঘোষণা আসতে যাচ্ছে এবং গার্দিওলার বিদায়ের কারণে স্পন্সরদের সঙ্গে আলোচনা শুরু হয়ে গেছে। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্প্যানিশ কোচকে বিদায় দিতে বিশেষ সংবর্ধনার আয়োজন করবে সিটি। এর মধ্যে রয়েছে, ম্যানচেস্টারের রাস্তায় তার জন্য বিশেষ প্যারেড হবে।
গার্দিওলার উত্তরসূরি হিসেবে কেবল একজনের নাম শোনা যাচ্ছে। তারই সহকারী হিসেবে সিটিতে কাজ করা এনজো মারেসকা। চেলসির ডাগআউটে দেড় বছর ছিলেন এই ইতালিয়ান কোচ। ২০২৪ সালের জুনে ব্লুদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেন মারেসকা। কিন্তু ক্লাবের মালিকদের সঙ্গে মতানৈক্যর কারণে ২০২৬ সালের প্রথম দিনে পদত্যাগ করতে বাধ্য হন তিনি।

