আর্জেন্টিনার শিরোপা গল্পে ব্রাজিলকে সাহস দিলেন কাকা

0
আর্জেন্টিনার শিরোপা গল্পে ব্রাজিলকে সাহস দিলেন কাকা

২০২৬ বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে যখন সমালোচনা চলছে, তখন দলকে অনুপ্রাণিত করতে সামনে এলেন সাবেক তারকা কাকা। আর্জেন্টিনার উদাহরণ টেনে তিনি বলেন, বিশ্বকাপের শুরু সবসময় ফল নির্ধারণ করে না।

ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার মনে করেন, প্রথম ম্যাচে হোঁচট খেলেও টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে। তিনি ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের উদাহরণ তুলে ধরেন।

কাকা বলেন, প্রথম ম্যাচেই কোনো দল বিশ্বকাপ জিতে যায় না। আর্জেন্টিনা প্রথম ম্যাচ হারার পরও বিশ্বকাপ জিতেছিল। বিশ্বকাপের বাস্তবতা বোঝার জন্য এটিই যথেষ্ট উদাহরণ।

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ১-১ ড্রয়ের পর দলটির পারফরম্যান্স ও কৌশল নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। তবে কাকা মনে করেন, এখনই হতাশ হওয়ার সময় নয়।

তিনি বলেন, ম্যাচে কিছুটা উত্তেজনা ও চাপ থাকলেও এখন দলের সামনে আছে উন্নতির সুযোগ। পরবর্তী ম্যাচগুলোতে ভুল শুধরে আরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির অভিজ্ঞতার ওপর আস্থা রেখে কাকা বলেন, চাপের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার মতো অভিজ্ঞতা তার রয়েছে এবং তিনি দলকে সঠিক পথে ফেরাতে সক্ষম হবেন বলে বিশ্বাস করেন।

আগামী শুক্রবার ব্রাজিলের পরবর্তী ম্যাচ হাইতির বিপক্ষে, যেখানে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here