ভ্রমণ জটিলতা কাটিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছাল উরুগুয়ে

0
ভ্রমণ জটিলতা কাটিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছাল উরুগুয়ে

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে বড় ধরনের ভ্রমণ জটিলতার মুখে পড়েও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে পৌঁছেছে উরুগুয়ে জাতীয় ফুটবল দল। ম্যাচ শুরুর ২৪ ঘণ্টারও কম সময় আগে মায়ামিতে অবতরণ করে স্কোয়াড ও কোচিং স্টাফ।

রবিবার মায়ামিতে পৌঁছায় দলটি। তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ সোমবার সৌদি আরবের বিপক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা।

দলীয় সূত্রে জানা গেছে, মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে প্রশাসনিক জটিলতার কারণে যাত্রা বিলম্বিত হয়। প্রয়োজনীয় কিছু কাগজপত্রের ঘাটতি থাকায় নির্ধারিত ফ্লাইট উড্ডয়নের অনুমতি পায়নি। পরে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়।

উরুগুয়ে ফুটবল সংস্থা জানিয়েছে, তারা মেক্সিকোর প্লায়া দেল কারমেনে অনুশীলন শেষ করে কানকুন বিমানবন্দরে পৌঁছালে জানতে পারে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি মিলছে না। এরপর দক্ষিণ ফ্লোরিডা থেকে বিশেষ বিমানের ব্যবস্থা করা হয় এবং খেলোয়াড়রা অপেক্ষা করেন কানকুনের একটি রিসোর্টে।

পরে ফিফা জানায়, মেক্সিকোয় বিমান সংস্থার অনুমতিগত ত্রুটির কারণেই এই বিলম্ব হয়েছে এবং দ্রুত সমস্যা সমাধানে তারা কাজ করেছে।

এই ভ্রমণ জটিলতার কারণে নির্ধারিত সংবাদ সম্মেলনে অংশ নিতে পারেননি কোচ মার্সেলো বিয়েলসা ও অধিনায়ক হোসে মারিয়া গিমেনেস। পরে তারা সংক্ষিপ্তভাবে গণমাধ্যমের মুখোমুখি হন।

গিমেনেস জানান, তারা পরিস্থিতিকে ইতিবাচকভাবেই দেখছেন এবং যাত্রাপথে বিশ্রামের সুযোগ পেয়েছেন। কোচ বিয়েলসাও বলেন, এই সমস্যা দলের প্রস্তুতিতে বড় কোনো প্রভাব ফেলেনি।

উল্লেখ্য, এই বিশ্বকাপে ভ্রমণসংক্রান্ত সমস্যায় পড়া এটিই প্রথম ঘটনা নয়। এর আগে বিভিন্ন দল ও কর্মকর্তাদের ক্ষেত্রেও ভিসা ও প্রবেশসংক্রান্ত জটিলতা দেখা গেছে।

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here