বাংলাদেশ প্রতিদিনে গত ১১ জুন সংবাদ প্রকাশের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২ কোটি ১৪ লাখ টাকা নির্মাণ ব্যয় বন্ধ থাকা পানি সরবরাহ প্রকল্প চালু করা হয়েছে। দীর্ঘদিন পানি সরবরাহ থেকে বঞ্চিত ছিলেন ভুক্তভোগী এলাকার সাধারণ মানুষ। পানি পেয়ে খুশি তিন শতাধিক পরিবার। পানি সরবরাহ চালু করায় ভুক্তভোগীরা বাংলাদেশ প্রতিদিন ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
জানা যায়, রূপগঞ্জ উপজেলার ভুলতা ও মর্তুজাবাদ এলাকার মানুষের পানির চাহিদা মেটানোর লক্ষ্যে জনস্বাস্থ্য অধিদফতর থেকে প্রায় এক লাখ লিটার ধারন ক্ষমতা সম্পন্ন পাইপ ওয়াটার সাপ্লাই স্ক্রিম নামের প্রকল্পটি ২ কোটি ১৪ লাখ টাকা নির্মাণ ব্যয়ে দুটি পাম্পের মাধ্যমে উপজেলার ভুলতা দীঘিরপাড় এলাকায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কাজটি সমাপ্ত করা হয়। পরে তিন শতাধিক পরিবারকে পানি সরবরাহ করা হয় এবং চুক্তি অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠান হাবিব এন্টারপ্রাইজ দুই বছর পানির সরবরাহ সমাপ্ত করেন। গত চার মাস ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় মধ্য এবং নিম্ন আয়ের মানুষের ভোগান্তির যেন শেষ নেই। আর এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিনে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই প্রতিবেদন প্রকাশের পর রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় সরজমিনে গিয়ে বন্ধ থাকা প্রকল্পের খোঁজখবর নেন এবং মানুষের ভোগান্তির কথা চিন্তা করে প্রকল্পটির পানি সরবরাহ চালু করেন। এতে করে খুশি পানির গ্রাহকরা।
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য অধিদফতরের সহকারি প্রকৌশলী মুকিত আল মাহমুদ বলেন, বন্ধ থাকার বিষয়টি বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে জানতে পেরেছি। প্রকল্পটি শতভাগ চালু করা হয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জয় বলেন, মিডিয়ার মাধ্যমে জানতে পেরে সরেজমিনে পরিদর্শন করে বন্ধ থাকা প্রকল্পটি চালু করে দিয়েছি। এখন থেকে আর পানির জন্য সাধারণ মানুষ কষ্ট করবে না।

