কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

0

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২০ থেকে ২৫ জন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে খোকসা শিয়ালডাঙ্গী মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনজনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। তবে আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। চিকিৎসকরা বলছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে আসছিল। পথিমধ্যে খোকসা শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের উপক্রম হয়। পরে ভ্যানটিকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায়।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজনের মৃতদেহ পড়ে রয়েছে।  এছাড়া আহত ২০ জনকে চিকিৎসার জন্য আনা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ইকবাল হাসান জানান, আশঙ্কাজনক অবস্থায় আনা চারজনের মধ্যে একজন নারী মারা গেছেন। বাকি তিনজন পুরুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here