তাপপ্রবাহে পুড়তে থাকা ভারতে স্বস্তির আভাস, আগাম বৃষ্টির ইঙ্গিত

0
তাপপ্রবাহে পুড়তে থাকা ভারতে স্বস্তির আভাস, আগাম বৃষ্টির ইঙ্গিত

তীব্র তাপপ্রবাহে পুড়তে থাকা ভারতে অবশেষে স্বস্তির ইঙ্গিত মিলছে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি বৃষ্টির অগ্রযাত্রা এবার নির্ধারিত সময়ের আগেই শুরু হতে পারে, যা চলমান তাপদাহ থেকে কিছুটা স্বস্তি এনে দিতে পারে।

শুক্রবার (২২ মে) প্রকাশিত উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা গেছে, আরব সাগর ও বঙ্গোপসাগরের ওপর দ্রুত বিশাল মেঘমালা গড়ে উঠছে এবং তা ধীরে ধীরে ভারতের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, এই পরিস্থিতি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর শক্তি বাড়ার স্পষ্ট ইঙ্গিত এবং এর প্রভাবে কেরালায় আগেভাগেই মৌসুমি বৃষ্টি প্রবেশ করতে পারে।

আবহাওয়া দপ্তরের ইনস্যাট-থ্রিডিএস থার্মাল ইনফ্রারেড উপগ্রহ চিত্রে দক্ষিণ আরব সাগর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ঘন মেঘের স্তর দেখা গেছে। বিশেষ করে দক্ষিণ শ্রীলঙ্কা ও দক্ষিণ-পূর্ব আরব সাগরের ওপর মেঘের ঘনত্ব বেশি, যা কেরালায় মৌসুমি বায়ু প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে ধরা হচ্ছে। স্থলভাগের তীব্র উত্তাপের কারণে সমুদ্র থেকে আর্দ্র বাতাস টেনে এনে এই মেঘমালা তৈরি হচ্ছে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আবহাওয়াবিদরা আরও বলছেন, বায়ুমণ্ডলে বজ্রঝড়ের মেঘ যেভাবে দ্রুত উপরের দিকে উঠছে, তা ব্যাপক বৃষ্টিপাতের আগাম ইঙ্গিত বহন করছে। এই ধারা অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের আগেই মৌসুমি বৃষ্টি শুরু হতে পারে।

এদিকে, ভারতের উত্তর ও মধ্যাঞ্চলে তাপপ্রবাহ এখনো তীব্র আকার ধারণ করে আছে। রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা ও বিদর্ভ অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। রাজধানী দিল্লিসহ অনেক এলাকায় তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে অবস্থান করছে। উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বাতাস এবং মেঘহীন আকাশ এই তাপপ্রবাহকে আরও তীব্র করে তুলছে। 

পাশাপাশি বড় শহরগুলোতে কংক্রিটের দালানকোঠার কারণে গরম বাতাস আটকে থেকে পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে উঠছে। সব মিলিয়ে, দীর্ঘ তাপদাহের মধ্যে এই মেঘের অগ্রযাত্রা এখন ভারতের জন্য বড় স্বস্তির সম্ভাবনা হয়ে দেখা দিয়েছে।

সূত্র: উইয়ন নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here