কুষ্টিয়ার দৌলতপুরে চুয়ামল্লিকপাড়া রেজওয়ানুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রে এসএসসি (দাখিল) পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তিন শিক্ষককে আটক করেছে র্যাব-১২।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জীববিজ্ঞান পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে বসে এক পরীক্ষার্থীর খাতা লিখে দেওয়ার সময় তাদের আটক করা হয়।
আটকরা হলেন মো. বজলুর রহমান, মো. নুরুল ইসলাম ও মোছা. মাতোয়ারা খাতুন মায়া। তারা কেউই ওই কেন্দ্রের দায়িত্বে ছিলেন না।
র্যাব ও প্রশাসন সূত্রে জানা গেছে, মহিষকুন্ডি মুসলিম নগর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী নাসিরুল্লাহর খাতা বাইরে বসে লিখছিলেন ওই তিন শিক্ষক। নাসিরুল্লাহ ওই মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আব্দুল ওহাব বিশ্বাসের ছেলে।
অভিযুক্ত তিন শিক্ষকের দাবি, তারা স্বেচ্ছায় এই জালিয়াতি করেননি; মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আব্দুল ওহাব বিশ্বাস তার ছেলের জন্য এই কাজ করতে তাদের বাধ্য করেছেন।
ঘটনার পর অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে আটক তিন শিক্ষক র্যাবের হেফাজতে আছেন, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস জানান, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও বাইরে থেকে খাতায় লিখে এনে জমা দেওয়ার মতো গুরুতর অনিয়ম এখানে ঘটেছে। আজও র্যাবের হাতে তিন শিক্ষক আটক হওয়ার বিষয়টি সত্য প্রমাণিত হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে মাদ্রাসার সুপার আব্দুল ওহাব বিশ্বাসের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

