ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল বিদেশি সিগারেটসহ গ্রেফতার ২, প্রাইভেটকার জব্দ

0
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল বিদেশি সিগারেটসহ গ্রেফতার ২, প্রাইভেটকার জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৬৫ হাজার পিস বিদেশি সিগারেট জব্দ করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। 

গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজায় অভিযান চালিয়ে সিগারেট ও প্রাইভেটকারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ। গ্রেপ্তাররা হলেন ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিণ রাজষপুর এলাকার মাসুদুল আলম ও বরগুনা সদর উপজেলার বদরখালী গ্রামের মো. মোবারক হোসেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪৫ হাজার পিস ‘প্যাট্রন’ ব্র্যান্ডের সিগারেট ও ২০ হাজার বিদেশি ‘বেনসন’ সিগারেট উদ্ধার করা হয়। অভিযানে প্রাইভেটকারটি জব্দসহ মাসুদুল ও মোবারককে গ্রেফতার করা হয়। এসব সিগারেট শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা হয়েছিল বলে জানায় পুলিশ।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। তাদেরকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here