ওমান সাগরে সামুদ্রিক আইন লঙ্ঘন এবং তেল রপ্তানিতে বিঘ্ন ঘটানোর অভিযোগে ‘ওশান কোই’ নামে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরানি নৌবাহিনী। আজ শুক্রবার ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের রেজোলিউশন এবং আদালতের নির্দেশে পরিচালিত বিশেষ অভিযানে জাহাজটি আটক করা হয়।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, আটক জাহাজটি ইরানি তেলের একটি চালান বহন করছিল এবং এটি ব্যবহার করে আঞ্চলিক অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে ইরানের জাতীয় স্বার্থ ও তেল রপ্তানি খাতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালানো হচ্ছিল। অভিযানের পর ইরানি নৌবাহিনীর কমান্ডো এবং মেরিন সেনারা জাহাজটিকে দেশটির দক্ষিণ উপকূলে নিয়ে যান এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
ইরানের নৌবাহিনী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তারা জাতীয় স্বার্থ ও সম্পদ রক্ষায় কোনো ধরনের আপস করবে না এবং যেকোনো আগ্রাসী শক্তির বিরুদ্ধে শক্ত অবস্থান বজায় রাখবে।
২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আমেরিকা ও ইসরায়েলের সাথে চলমান সংঘাতের প্রেক্ষিতে ইরান কৌশলগত হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। বিশেষ করে আগ্রাসী পক্ষ এবং তাদের সহযোগীদের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সূত্র: প্রেস টিভি

