গাজায় নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘বোর্ড অফ পিস’-কে ১০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।টাইমস অফ ইসরায়েলের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, এই অর্থ গাজার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত হতে যাওয়া নতুন ইউনিটের প্রশিক্ষণ ও বেতন-ভাতা বাবদ ব্যয় করা হবে।
গত ফেব্রুয়ারিতে আয়োজিত দাতা সম্মেলনে বোর্ড সদস্যরা সাত বিলিয়ন ডলার এবং যুক্তরাষ্ট্র ১০ বিলিয়ন ডলার দেওয়ার অঙ্গীকার করার পর এটিই কোনো একক দেশের পক্ষ থেকে আসা সবচেয়ে বড় অনুদান।
পরিকল্পনা অনুযায়ী, আমিরাতি নিরাপত্তা সংস্থার তত্ত্বাবধানে প্রায় ২৭ হাজার পুলিশ সদস্য নিয়ে এই বাহিনী গঠন করা হবে। নিয়োগপ্রাপ্ত এই সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে জর্ডান ও মিশরে।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গাজায় আগে যারা সরকারি চাকরি করেছেন তারা এই নতুন বাহিনীতে যোগদানের সুযোগ পাবেন। তবে প্রত্যেক আবেদনকারীকে ইসরায়েলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার কঠোর নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে। মূলত গাজার প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামোকে আমূল বদলে ফেলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গাজা পরিচালনার জন্য গঠিত অন্তর্বর্তীকালীন টেকনোক্র্যাট বডি বা ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজা-র অধীনে এই পুলিশ বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করবে। কমিটির প্রধান আলী শাথ জানিয়েছেন, গাজার বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং সেখানে মানবিক সহায়তার পাশাপাশি আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। তবে গাজায় গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সবশেষ বুধবার গাজার একটি পুলিশ স্টেশনে হামলায় ফিলিস্তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়ে গেছে।

