নাটোরের বাগাতিপাড়ায় কুকুরকে লক্ষ্য করে নাতির ছোড়া হাসুয়া পেটে বিদ্ধ হয়ে দাদি নিহত হয়েছেন। নিহত মর্জিনা বেগম (৫০) উপজেলার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিমপাড়া গ্রামের মোছব্বের আলীর স্ত্রী।
১০ দিন চিকিৎসাধীন থেকে গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল মর্জিনা বেগমের একটি হাঁসের বাচ্চা খেয়ে ফেলে এক কুকুর। পরদিন ওই কুকুর বাড়িতে এলে মর্জিনা বেগমের ৭ বছর বয়সি নাতি কুকুরকে লক্ষ্য করে হাসুয়া ছুঁড়ে মারলে পাশে থাকা তার দাদির পেটে বিদ্ধ হয়। এ সময় পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে ১০ দিন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হান্নান জানান, রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে রাজশাহীর রাজপাড়া থানা থেকে আজ ভোর ৪টার দিকে একটি বার্তা আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

