সাজা স্থগিতের আবেদন করলেন ইমরান খানের স্ত্রী

0
সাজা স্থগিতের আবেদন করলেন ইমরান খানের স্ত্রী

আল-কাদির ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি তার সাজা স্থগিতের আবেদন করেছেন। চিকিৎসার কারণ দেখিয়ে তিনি এই আবেদন করেন।

রবিবার ইসলামাবাদ হাইকোর্টে এই আবেদন জমা দেওয়া হয় বলে পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানা গেছে, চলতি সপ্তাহে রাওয়ালপিন্ডির একটি বেসরকারি হাসপাতালে বুশরা বিবির চোখে অস্ত্রোপচার করা হয়েছে। আদিয়ালা জেল কর্তৃপক্ষ তাকে আল-শিফা আই হাসপাতালে নিয়ে যায়, যেখানে রেটিনা বিশেষজ্ঞ ড. নাদিম কুরেশি তার সার্জারি সম্পন্ন করেন। এক রাত হাসপাতালে কাটানোর পর তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বুশরা বিবির আইনজীবী সালমান সাফদার আবেদনে অভিযোগ করেছেন, এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়তার সাথে করা হয়েছে। পরিবারের সদস্য বা আইনজীবীদের কোনও প্রকার পরামর্শ ছাড়াই এই অস্ত্রোপচার করা হয়, যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, আদালতে পেশ করা আবেদনে বেশ কিছু দাবি জানানো হয়েছে। যেখানে আল-শিফা হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান এবং জেল সুপারকে সার্জারির পূর্ণাঙ্গ রেকর্ড এবং ডায়াগনসিস রিপোর্টসহ আদালতে তলব করার অনুরোধ জানানো হয়েছে। অস্ত্রোপচার পরবর্তী সঠিক যত্নের জন্য তাকে কারাগারে না রেখে আবারও আল-শিফা হাসপাতালে স্থানান্তরের দাবি করা হয়েছে। কারাগারে পরিবারের সদস্য ও আইনজীবীদের নিয়মিত এবং নিরবচ্ছিন্ন সাক্ষাতের অনুমতি চাওয়া হয়েছে।

আবেদনে বলা হয়েছে, বুশরা বিবি দীর্ঘ সময় ধরে কারাবন্দী এবং তার সাজা স্থগিতের আবেদনটি এক বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে। যথাযথ চিকিৎসা না পেলে তার অপূরণীয় ক্ষতি হতে পারে বলে আইনজীবীরা সতর্ক করেছেন।

আগামী ২২ এপ্রিল প্রধান বিচারপতি সরদার সরফরাজ ডোগারের নেতৃত্বাধীন ইসলামাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ইমরান খান ও বুশরা বিবির সাজা স্থগিতের বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য, আল-কাদির ট্রাস্ট মামলায় বুশরা বিবি সাত বছরের কারাদণ্ড ভোগ করছেন। সূত্র: ডন নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here