কুষ্টিয়ায় গড়াই নদীতে ডুবে যাওয়া ভাইকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিল সাফিন (১২) নামে এক স্কুলছাত্র।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে শহরের রেনউইক বাঁধ এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর।
নিহত সাফিন কুষ্টিয়ার হাসিব ড্রিম স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্র এবং রেনউইক মোড় এলাকার বাসিন্দা শামসুল আলম হীরার ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সাফিনের ছোট ভাইয়ের জন্মদিন উপলক্ষে বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিকেলে সাফিন তার ভাই নাহিয়ান (১৫) ও চাচাতো ভাই স্মরণ (৬)-কে নিয়ে বাড়ির পাশের গড়াই নদীর রেনউইক বাঁধ এলাকায় খেলতে যায়।
খেলার একপর্যায়ে অসাবধানতাবশত চাচাতো ভাই স্মরণ নদীতে পড়ে যায়। এ সময় তাকে বাঁচাতে সাফিন নদীতে ঝাঁপ দেয়। সাফিন নদী থেকে স্মরণকে উদ্ধার করে তীরে তুলতে সক্ষম হলেও হঠাৎ নদীর স্রোতে নিজেই তলিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাফিনকে মৃত ঘোষণা করেন।

