ম্যারাথনে ইতিহাস তৈরি করলেন কেনিয়ার দৌড়বিদ সেবাস্তিয়ান সাওয়ে। তিনি এক ঘণ্টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ড সময়ে লন্ডন ম্যারাথন জিতে নেন।
এতে দুই ঘণ্টারও কম সময়ে ম্যারাথন দৌড়ানো প্রথম পুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন এই দৌড়বিদ। ইথিওপিয়ার টিগস্ট আসেফা রবিবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত এই দৌড়ে নিজের গড়া নারীদের বিশ্ব রেকর্ড ভেঙে লন্ডন ম্যারাথনের শিরোপা ধরে রেখেছেন।
তবে ক্রীড়া ইতিহাসের এক বিশাল মুহূর্তে সাওয়েই সবার দৃষ্টি আকর্ষণ করেন। কারণ তিনি দুই ঘণ্টার বাধা অতিক্রম করে তার প্রয়াত স্বদেশী কেলভিন কিপটামের গড়া বিশ্ব রেকর্ডটি ভেঙে দেন। কিপটাম ২০২৩ সালের অক্টোবরে শিকাগো ম্যারাথনে ২:০০:৩৫ সময় নিয়েছিলেন।
৩১ বছর বয়সী এই দৌড়বিদ, যিনি কোনো ম্যারাথনে হারেননি। বিশ্ব রেকর্ডটি ৬৫ সেকেন্ডে ভেঙে দিয়েছেন। ৪২.১৯৫ কিলোমিটার দীর্ঘ পথের বেশিরভাগ সময়জুড়ে ইথিওপিয়ার ইয়োমিফ কেজেলচা সাওয়ের ঠিক পেছনেই ছিলেন, কিন্তু শেষ পর্যায়ে এসে তিনি কিছুটা পিছিয়ে পড়েন। ম্যারাথনে অভিষেক করেই তিনি ১:৫৯:৪১ সময়ে দ্বিতীয় হন এবং উগান্ডার জ্যাকব কিপ্লিমো ২:০২:২৮ সময়ে ব্রোঞ্জ পদক লাভ করেন। তিনজনই কিপটামের আগের রেকর্ড সময়ের চেয়ে কম সময়ে দৌড় শেষ করেন।
ইতিহাস সৃষ্টির পর এক প্রতিক্রিয়ায় সাওয়ে বলেন, আমরা দৌড়টা ভালোভাবে শুরু করেছিলাম এবং দৌড়ের শেষে আমি বেশ শক্তিশালী অনুভব করছিলাম। অবশেষে, ফিনিশিং লাইনে পৌঁছে আমি সময়টা দেখি এবং এটা দেখে আমি খুবই উত্তেজিত ছিলাম। আমি আজ একটি বিশ্বরেকর্ড করেছি।
এই দৌড়বিদ বলেন, আমি খুব ভালোভাবে প্রস্তুত ছিলাম, কারণ দ্বিতীয়বারের মতো লন্ডনে আসাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেই কারণেই আমি এর জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম।
২০২৪ সালে কেনিয়ায় মাত্র ২৪ বছর বয়সে এক গাড়ি দুর্ঘটনায় কিপটাম মারা যান। এদিকে মহিলাদের দৌড়ে আসসেফা বিজয়ী হিসেবে নিজের স্থান ধরে রেখেছেন। বর্তমান অলিম্পিক ও বিশ্ব রৌপ্য পদকজয়ী আসসেফা কেনিয়ার হেলেন ওবিরি এবং জয়েসিলিন জেপকোসগেইয়ের সঙ্গে ত্রিমুখী লড়াইয়ে লিপ্ত ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে এগিয়ে গিয়ে ২ ঘণ্টা ১৫ মিনিট ৪১ সেকেন্ড সময়ে দৌড় শেষ করেন।
এই সময়টি গত বছর একই কোর্সে করা তার আগের সেরা সময়ের চেয়ে নয় সেকেন্ড কম। দুইবারের সাবেক বিশ্ব ৫,০০০ মিটার চ্যাম্পিয়ন এবং ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ম্যারাথনে ব্রোঞ্জজয়ী ওবিরি ২:১৫:৫৩ সময় নিয়ে ব্যক্তিগত সেরা পারফরম্যান্স করে দ্বিতীয় হন।
তিনি স্বদেশী জেপকোসগেইয়ের চেয়ে মাত্র দুই-শতাংশ সেকেন্ড এগিয়ে থেকে দৌড় শেষ করেন। মিশ্র দৌড়ে, যেখানে মহিলা ক্রীড়াবিদরা পুরুষ পেসমেকারদের থেকে সুবিধা পান, বিশ্ব রেকর্ডটি করেন কেনিয়ার রুথ চেপনগেটিচ। ২০২৪ সালের অক্টোবরে শিকাগো ম্যারাথনে সময়ে নেন ২:০৯:৫৬।
গত বছরের অক্টোবরে চেপনগেটিচ তিন বছরের জন্য ডোপিংয়ের দায়ে নিষিদ্ধ হন। যদিও ওই বছরেরর মার্চের নমুনার আগের কৃতিত্ব এবং রেকর্ডগুলো বহাল থাকবে। সুইজারল্যান্ডের মার্সেল হাগ এবং ক্যাথরিন ডিব্রুনার পুরুষ ও মহিলাদের হুইলচেয়ার ইভেন্টে জয়লাভ করেন। হাগ টানা ষষ্ঠবারের মতো এবং সব মিলিয়ে অষ্টমবারের মতো জয়ী হন, অন্যদিকে ডিব্রুনার আমেরিকান তাতিয়ানা ম্যাকফ্যাডেনকে পেছনে ফেলে লন্ডনে টানা তৃতীয়বারের মতো জয় তুলে নেন।

