২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন মেসি

0
২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন মেসি

চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, তাতেই নিজের জাদুকরি পারফরম্যান্সে ফুটবল বিশ্বকে বুঁদ করে রেখেছেন লিওনেল মেসি। চলতি আসরে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ১৮টি বিশ্বকাপ গোলের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি। এটি মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মনে এখন একটাই প্রশ্ন— ২০৩০ সালে স্পেনে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী বিশ্বকাপে কি দেখা যাবে মহাতারকাকে? কারণ তখন তার বয়স হবে ৪২ বছর।

চলতি বিশ্বকাপ চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ২০৩০ বিশ্বকাপ খেলা নিয়ে মুখ খুলেছেন মেসি। ৩৯তম জন্মদিনে দাঁড়িয়ে এই আর্জেন্টাইন অধিনায়ক স্পষ্ট জানিয়েছেন, তিনি আপাতত সুদূর ভবিষ্যৎ নিয়ে না ভেবে বর্তমানের দিকেই পূর্ণ মনোযোগ দিচ্ছেন। মেসি বলেন, যত দিন আমি দলে অবদান রাখতে পারব, শারীরিকভাবে ফিট অনুভব করব এবং মাঠে সতীর্থদের সাহায্য করতে পারব, তত দিন আমি খেলা চালিয়ে যাব। তবে ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা উড়িয়ে না দিলেও বিষয়টিকে বেশ দূরের পথ হিসেবে আখ্যা দিয়ে তিনি যোগ করেন, আমি সত্যিই জানি না। সত্যি বলতে, আমি এখন এটা নিয়ে ভাবছি না। ওটা অনেক দূরের বিষয় বলে মনে হচ্ছে। আমি আপাতত প্রতিদিনের ম্যাচ ধরে এগোচ্ছি এবং বর্তমানেই মনোযোগী হতে চাই।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবশ্য চলতি বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে। গ্রুপ ‌‘জে’-তে নিজেদের প্রথম দুই ম্যাচে আলজেরিয়াকে ৩-০ এবং অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। দলের হয়ে হওয়া মোট ৫টি গোলই এসেছে মেসির পা থেকে। নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের খেলোয়াড়দের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা।

রোজারিওর এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া মেসি, যাকে ভালোবেসে ভক্তরা ‘এল পুলগা’ বা ‘মেসায়াহ’ বলে ডাকেন, তিনি ইতোমধ্যেই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ট্রফি ক্যাবিনেট গড়ে তুলেছেন। আর্জেন্টিনার হয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, অলিম্পিক সোনা, কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপ জয়ের পাশাপাশি বার্সেলোনার হয়ে জিতেছেন অসংখ্য লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা। পিএসজি ঘুরে বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলা এই কিংবদন্তি আমেরিকার মাটিতেও লিগস কাপ এবং এমএলএস কাপের মতো ট্রফি জিতে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন। 

ভক্তদের প্রত্যাশা, আরও দীর্ঘ হোক মেসির এই রাজকীয় পথচলা।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here