২০০তম ম্যাচ দিয়ে বিশ্বকাপের নতুন মিশনে মেসি

0
২০০তম ম্যাচ দিয়ে বিশ্বকাপের নতুন মিশনে মেসি

কানসাসে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে মাঠে নামলেই আর্জেন্টিনার জার্সিতে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন লিওনেল মেসি।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৯৯টি ম্যাচ খেলেছেন এই আর্জেন্টাইন অধিনায়ক। এসব ম্যাচে তিনি ১১৭টি গোল করেছেন এবং ৬৪টি গোলে সহায়তা করেছেন।

২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় মেসির। তবে সেই অভিষেকটা সুখকর ছিল না। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।

এরপর প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি আর্জেন্টিনাকে এনে দিয়েছেন বহু কাঙ্ক্ষিত সাফল্য। তার নেতৃত্বে ২০২২ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এছাড়া দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমা শিরোপাও রয়েছে তার অর্জনের তালিকায়।

আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ১৬ হাজার ৩৮০ মিনিটের বেশি সময় মাঠে কাটিয়েছেন মেসি। পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে তিনি খেলেছেন ২৬টি ম্যাচ, কোপা আমেরিকায় ৩৯টি এবং দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ৭২টি ম্যাচ।

বিশ্বকাপ বাছাইপর্বে তার গোলসংখ্যা ৩৬টি। পাশাপাশি ১৪টি গোলে সহায়তাও করেছেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড বর্তমানে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে। জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন ২২৮টি ম্যাচ।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি মেসি। আপাতত তার পুরো মনোযোগ আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানকে সামনে এগিয়ে নেওয়ার দিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here