ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আমুভূঞার হাট থেকে বৈরাগীরহাট সড়কের ওপর নির্মিত তিন কোটি ৭০ লাখ ৪০ হাজার ৪৩৫ টাকা টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি নির্মাণের ১০-১৫ দিনের মধ্যেই বেহাল দশায় পরিণত হয়েছে। বৃষ্টির শুরুতে ব্রিজের এমন নাজুক পরিস্থিতিতে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নির্মাণকাজ শেষ হওয়ার পর অল্প কয়েক দিন যেতে না যেতেই ব্রিজটির দুই পাশের ইট খুলে পড়তে শুরু করেছে। ইতোমধ্যে ব্রিজের মাঝখানেও গর্ত সৃষ্টি হয়েছে, যা পথচারী ও যানবাহন চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে বালির ওপর ইট বসানো যা টেকসই নয় বলে সামান্য বৃষ্টিতে সড়কের সাইড ভেঙে পড়েছে। বেশি বৃষ্টিপাতে এ সড়ক কোন দিকে যাবে তা নিয়ে চলছে স্থানীয়দের মাঝে ক্ষোভের বহিঃপ্রকাশ।
এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং তদারকির অভাবের কারণেই এত দ্রুত ব্রিজটির এই অবস্থা হয়েছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ব্রিজটি মেরামতের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। এমন পরিস্থিতিতে কাজের গুণগতমান ও সঠিক তদারকি বিষয়ে উঠেছে নানান অভিযোগ।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কলটি রিসিভ করেননি।

