বালিতে বিশ্রামকালে হোটেলে অসুস্থ, বাঁচানো গেল না পাইলটকে

0
বালিতে বিশ্রামকালে হোটেলে অসুস্থ, বাঁচানো গেল না পাইলটকে

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালিতে হৃদরোগে আক্রান্ত হয়ে এয়ার ইন্ডিয়ার এক পাইলটের মৃত্যু হয়েছে। বুধবার নির্ধারিত বিশ্রামকালীন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।

সংস্থার একজন কর্মকর্তা জানান, প্রায় ৪০ বছর বয়সী ওই পাইলট এয়ার ইন্ডিয়ার একজন ফার্স্ট অফিসার (সহ–পাইলট) ছিলেন। তিনি মঙ্গলবার দিল্লি থেকে বালি পর্যন্ত একটি নির্ধারিত ফ্লাইট পরিচালনা করেন। ফ্লাইট শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী ক্রু রেস্টে থাকা অবস্থায় বালির একটি হোটেলে অবস্থান করছিলেন তিনি।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, হোটেলে থাকাকালে তিনি হঠাৎ তীব্র শারীরিক অস্বস্তি অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা নিশ্চিত করেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। চিকিৎসক দলের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করা সম্ভব হয়নি।

বিমান সংস্থাটি জানায়, বালিতে তাদের ককপিট ক্রুর একজন সদস্যের আকস্মিক মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর বিস্তারিত তথ্য জানা যায়নি।

তবে সংস্থার কর্মকর্তা স্পষ্ট করেন, ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী নির্ধারিত চিকিৎসা পরীক্ষা সম্পন্ন করেছিলেন ওই পাইলট। পূর্বে তার গুরুতর শারীরিক সমস্যার কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ছাড়া তিনি ভারতের বেসামরিক বিমান চলাচল মহাপরিদপ্তর (ডিজিসিএ) নির্ধারিত উড়ান সময়সীমার মধ্যেই দায়িত্ব পালন করছিলেন। এই ঘটনা বিমান খাতে কর্মরতদের আকস্মিক স্বাস্থ্যঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here