নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে ডুবে যাওয়া ফসল কাটতে কৃষকরা পরিবার-পরিজন নিয়ে মাঠে নেমেছেন। আর সেই মাঠে ধান কাটতে স্বামীকে সহযোগিতা করতে গিয়ে প্রাণ হারালেন খোকন বেগম (৩৫) নামের এক গৃহবধূ।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নেত্রকোনা জেলার হাওর উপজেলা খালিয়াজুরীতে। গত ২৯ এপ্রিল (বুধবার) বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের জামাল মিয়ার স্ত্রী খোকন বেগম স্বামীকে সহায়তা করতে গ্রামের মসজিদের সামনের হাওরে নামেন। ধান কাটার সময় অতিবৃষ্টি ও প্রবল বাতাসের কারণে ঠান্ডায় তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে জমির পাশে ঢলে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৃহবধূর স্বামী জামাল মিয়া বলেন, আমার ১২০ শতাংশ জমির ধান তলিয়ে যাচ্ছিল। কোনো শ্রমিক না পাওয়ায় আমি ও আমার দুই ছেলে নিয়ে দুই দিন ধরে ধান কাটছিলাম। আমার স্ত্রীও কাজে সহযোগিতা করতে আসে। অতিবৃষ্টি ও ঠান্ডার কারণে সে হঠাৎ দুর্বল হয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বিধি মোতাবেক যথাযথ সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হবে ইনশাআল্লাহ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন, এ ধরনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। আমি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

