যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনার মধ্যে আগামী ৬০ দিন হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে কোনো ধরনের যাতায়াত বা সেবামূলক মাশুল নেওয়া হবে না বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনটি কারিগরি দল আলোচনা চালিয়ে যাচ্ছে।
রোববার আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসহাক দার বলেন, ৬০ দিনের বর্তমান সময়কালে হরমুজ প্রণালি ব্যবহারকারী কোনো জাহাজকেই যাতায়াত বা সেবার জন্য কোনো অর্থ পরিশোধ করতে হবে না। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনার অংশ হিসেবেই এ ব্যবস্থা কার্যকর থাকবে।
তিনি জানান, বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তিনটি কারিগরি দল কাজ করছে। এসব দল ইরানের পরমাণু কর্মসূচি, ইরানের জব্দ করা অর্থ এবং লেবাননের পরিস্থিতি নিয়ে আলোচনা করছে।
ইসহাক দারের এ বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের অন্তর্বর্তী সমঝোতার ভিত্তিতে আরও বিস্তৃত ও দীর্ঘমেয়াদি চুক্তির চেষ্টা চলছে। আলোচনার লক্ষ্য হলো চলমান শত্রুতা পুরোপুরি বন্ধ করা এবং দুই পক্ষের মধ্যে বাকি থাকা বিরোধগুলোর সমাধান খুঁজে বের করা।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ শুরু করতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার ভাষ্য অনুযায়ী, প্রায় ৪৭ বছর পর প্রথমবারের মতো দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে ইসলামাবাদ সহায়ক ভূমিকা পালন করেছে।
তিনি আরও বলেন, পাকিস্তান আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে মধ্যস্থতার প্রচেষ্টাকে এগিয়ে নিতে কাজ করেছে। এর মাধ্যমে আলোচনাকে সফল করতে এবং দুই দেশের মধ্যে আস্থা তৈরিতে সহযোগিতা করা হয়েছে।

