হরমুজ পার হলো মার্কিন নিষেধাজ্ঞায় থাকা সুপারট্যাঙ্কার, ‘অবরোধ ব্যর্থ’ বলছে তেহরান

0
হরমুজ পার হলো মার্কিন নিষেধাজ্ঞায় থাকা সুপারট্যাঙ্কার, ‘অবরোধ ব্যর্থ’ বলছে তেহরান

ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তালিকায় থাকা একটি সুপারট্যাঙ্কার সফলভাবে পার হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ। কিউরাসাও-এর পতাকাবাহী ‌‘কিউবা’ নামক এই জাহাজটি সম্প্রতি হরমুজ প্রণালি অতিক্রম করে লারক দ্বীপের পূর্ব দিকে নোঙর ফেলেছে। 

২০২৪ সাল থেকে জাহাজটি চীনের কাছে ইরানি তেল পরিবহনের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকলেও তেহরানের দাবি অনুযায়ী, এই ঘটনা প্রমাণ করে যে ওই অঞ্চলে ওয়াশিংটনের অবরোধ মূলত ব্যর্থ হয়েছে।

মেহের নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ আরোপ করার দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন। তাদের দাবি অনুযায়ী, ইরান-সংশ্লিষ্ট একাধিক জাহাজ নিয়মিতভাবে এই প্রণালি দিয়ে যাতায়াত করছে, যা মার্কিন সামরিক শক্তির সীমাবদ্ধতাকেই ফুটিয়ে তোলে। 

উল্লেখ্য, বিশ্বের মোট অপরিশোধিত তেলের এক-পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তবে সাম্প্রতিক সময়ে ইরান ও মার্কিন-ইসরায়েল জোটের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে এই অঞ্চলে নৌ-চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।

গত ১৩ এপ্রিল হোয়াইট হাউস এই জলপথে আনুষ্ঠানিকভাবে অবরোধ আরোপ করার পর থেকে মার্কিন সেন্ট্রাল কমান্ড অন্তত ৩৩টি জাহাজকে পথ পরিবর্তন করতে বাধ্য করেছে। বিপরীতে ইরানও তাদের মিত্র নয় এমন দেশগুলোর জাহাজে আক্রমণ চালিয়ে পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, অন্তত ২৬টি ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়াবহরের জাহাজ মার্কিন অবরোধ বলয় ভেদ করতে সক্ষম হয়েছে। গত বুধবারও এমন আরও ১০টি ট্যাঙ্কার পারস্য উপসাগরের দিকে এগোচ্ছিল বলে জানা গেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের জলসীমায় ভূ-রাজনৈতিক লড়াই নতুন মোড় নিয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে তাদের তেল রফতানির পথ রুদ্ধ করার চেষ্টা করছে, অন্যদিকে ইরান তাদের ছায়াবহরের মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে বিশ্ববাজারে তেলের সরবরাহ সচল রাখার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। ওয়াশিংটন ও তেহরানের এই পাল্টাপাল্টি অবস্থানে বিশ্ব জ্বালানিবাজারেও অনিশ্চয়তা বাড়ছে।

সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here