ফসলি জমিতে ডাম্পিং স্টেশন স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

0
ফসলি জমিতে ডাম্পিং স্টেশন স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠি উপজেলার বাসন্ডা ইউনিয়নের চামটা ও কুনিহারী এলাকায় ফসলি জমিতে ডাম্পিং স্টেশন স্থাপনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

শুক্রবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে চামটা, দারখী, ডোমজুড়ি, আগলপাশা ও কুনিহারী গ্রামের কয়েক শতাধিক কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিশেষ করে সংশ্লিষ্ট জমিতে চাষাবাদ করা কৃষকরা পরিবার-পরিজন নিয়ে মানববন্ধনে যোগ দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক, জয়নাল আবেদীন মাস্টার, মো. উলিউল্লাহ, সাবেক ইউপি সদস্য ইসমাইল তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাউয়ুম তালুকদার, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ তালুকদারসহ স্থানীয় কৃষক প্রতিনিধিরা।

বক্তারা অভিযোগ করেন, জমির মালিকদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই পৌর প্রশাসক কাওসার হোসেন একতরফাভাবে ফসলি জমিতে ডাম্পিং স্টেশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। তারা বলেন, কোনো অবস্থাতেই ইউনিয়নের ফসলি জমিতে বর্জ্য ফেলার ডাম্পিং স্টেশন স্থাপন করতে দেওয়া হবে না। পৌর এলাকার মধ্যেই এ ধরনের স্থাপনার জন্য উপযুক্ত জায়গা রয়েছে। প্রয়োজনে জীবন দিয়ে হলেও ফসলি জমি রক্ষা করার ঘোষণা দেন তারা।

মানববন্ধনের খবর পেয়ে ঘটনাস্থলে যান ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি শোনেন। এ সময় স্থানীয়রা ডাম্পিং স্টেশন স্থাপনের উদ্যোগ বাতিলের দাবি জানান।

তিনি বলেন, যেহেতু এলাকাবাসী এখানে ডাম্পিং স্টেশন চান না, তাই এ স্থানে তা করা হবে না। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here