২৪৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমেই শুরুতে বড় ধাক্কা খেল বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে কিউই পেসার নাথান স্মিথের জোড়া আঘাতে পরপর দুই বলে উইকেট হারিয়ে চাপে পড়ে দল।
চতুর্থ ওভারের প্রথম বলেই ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে আউট হন তানজিদ তামিম। ৬ বল খেলে তিনি করেন মাত্র ২ রান। পরের বলেই আরও বড় বিপদ স্মিথের ইনসুইং ডেলিভারি বুঝতে না পেরে ব্যাটে লাগাতে পারেননি নাজমুল হোসেন শান্ত, বোল্ড হয়ে ফিরতে হয় তাকে।
টানা দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন স্মিথ। তবে চতুর্থ ওভারের তৃতীয় বলে সেই আশঙ্কা কাটিয়ে দেন নতুন ব্যাটসম্যান লিটন দাস।
৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২৭ রান, তবে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপেই রয়েছে দল।
এদিকে, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হলেও শেষটা ভালো হলো না নিউজিল্যান্ডের। হেনরি নিকোলস ও ড্যান ফক্সক্রফটের ফিফটি পরও ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রানে থামল কিউইদের ইনিংস। ফলে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৪৮ রান।

