ময়মনসিংহে স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা(৮৩)।
বুধবার (৬ মে) বিকালে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে গোলকীবাড়ী কবরস্থানে দাফন করা হয়।
এতে কান্নাজড়িত কণ্ঠে উপস্থিত মুসল্লীদের কাছে মায়ের জন্য দোয়া কামনা করে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
এ সময় তিনি বলেন, আমার আম্মা দীর্ঘদিন নগরীর সানফ্লাওয়ার স্কুলে শিক্ষকতা করেছেন। এ কারণে তিনি অনেকের সঙ্গে উঠাবসা ও চলাফেরা করেছেন এবং শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এতে কারো সঙ্গে কোন ধরনের ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা করবেন। পাশাপাশি আমি আমার মায়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।
জানাজার নামাজে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন, সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম জেবুননেসা। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, মরহুমা বেগম জেবুন নেসা ১৯৪৪ সালে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিশিষ্ট শিক্ষানুরাগী মো. জাফর আলী সরকারের সহধর্মিণী। পেশাগত জীবনে তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষিকা হিসেবে সুপরিচিত ছিলেন। তবে ২০২৫ সালের ১৫ নভেম্বর বেগম জেবুননেসা অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

