স্কুলে ক্লাস চলাকালীন খুলে পড়ল সিলিং ফ্যান, আহত ৫ শিক্ষার্থী

0
স্কুলে ক্লাস চলাকালীন খুলে পড়ল সিলিং ফ্যান, আহত ৫ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় ক্লাস চলাকালীন সিলিং ফ্যান খুলে পড়ে গুরুতর জখমসহ ৫ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে এ ঘটনা ঘটে।

আহতরা হলো- দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী প্রাঞ্জল ও জাহানারা। আর বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

ক্লাসে থাকা সহকারী শিক্ষক সেলিনা আক্তার বলেন, ক্লাস চলাকালীন হঠাৎ করেই এই দুর্ঘটনা ঘটে। সিলিং ফ্যানটি খুলে পড়ার আগে শিশুদের সরিয়ে আসছিলাম। অন্যথায় বড় ধরনের ঘটনা ঘটে যেত।

স্কুলের সাবেক শিক্ষার্থী মো. মশিউর রেজা সজীব বলেন, স্কুলের সাবেক শিক্ষার্থী হিসেবে পরিদর্শনে এসেছিলাম। সেইসঙ্গে ক্লাসরুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ওপর থেকে সিলিং ফ্যানটা খুলে পড়ল। তবে ভাগ্য ভালো কারও মাথায় পড়েনি। মাথায় পড়লে হয়তো আজ বড় ধরনের ঘটনা ঘটে যেত। তারপরও ৫ থেকে ৬ জন শিশু আহত হয়েছে।

আরেক সাবেক শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আবু জাফর বলেন, স্কুলের প্রধান শিক্ষকের আমন্ত্রণে স্কুলে এসেছিলাম। আসার পরই এই ঘটনা ঘটে। কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। সে অল্পের জন্য রক্ষা পেয়েছে। বর্তমানে স্কুলের ভবনটির জরাজীর্ণ অবস্থা। এই স্কুলের জন্য একটি নতুন ভবন নির্মাণ করা জরুরি।

স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, ক্লাস চলাকালীন সিলিং ফ্যানটি খুলে পড়ে যায়। আসলে অনেক দিন ধরেই স্কুলের ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। জরাজীর্ণ অবস্থার কারণেই এই ঘটনা ঘটেছে। আমরা নতুন ভবনের জন্য আবেদন করেছি।

নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি এই বিষয়ে খোঁজ নিয়ে দেখছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here