কুড়িগ্রামে সাজেদা বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে তেঁতুল গাছের মগডালে দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মো. আবু সাঈদের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে সাজেদা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে বাড়ির পাশের একটি বড় তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান। সেখানে তিনি কখনো বসা, কখনো শোয়া অবস্থায় ছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। তবে পরিবারের আপত্তির কারণে শুরুতে উদ্ধারকাজে বাধা সৃষ্টি হয়।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এনামুল হক জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে গাছের মগডালে দেখতে পান। একপর্যায়ে তিনি হঠাৎ পুকুরে লাফ দিলে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে তাকে মানসিকভাবে অসুস্থ বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

