সেনবাগে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন

0
সেনবাগে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন

নোয়াখালীর সেনবাগে কৃষিজমির ওপরের উর্বর মাটি (টপ সয়েল) কেটে বিক্রি করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

বৃহস্পতিবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর গ্রামের পূর্বালী ব্রিকস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের আগে কাবিলপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আহমেদ পুলা উত্তর শাহাপুর এলাকার একটি ফসলি জমির মাটি ব্যবসার উদ্দেশ্যে কিনে নেন। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর প্রতিপক্ষের বাধার কারণে ওই মাটি ইটভাটায় বিক্রি করতে পারেননি তিনি। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে তার অনুসারী মীর হোসেন টিটু (৩৮), ফকির (৩৫) ও সাইফুলের (৩৫) সহায়তায় পুনরায় মাটি কেটে বিক্রির কাজ শুরু করেন। খবর পেয়ে স্থানীয় মুজিব, আশ্রাফুল ও তারেক এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় পুলার সমর্থকদের হামলার মুখে প্রতিপক্ষ পিছু হটলে তাঁদের একটি এফজেড মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুজিব দাবি করেন, তারা ঘটনার সঙ্গে জড়িত নন। ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করা বেআইনি হওয়ায় এলাকাবাসী বাধা দিতে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়।

অন্যদিকে অভিযুক্ত আহমেদ পুলার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, মাটি কাটাকে কেন্দ্র করে মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। টপ সয়েল কাটা অবৈধ। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে এ ঘটনা ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here