রোনালদোর পথেই হাঁটলেন মেসি, এবার কি হবে তাদের ক্লাবের লড়াই

0
রোনালদোর পথেই হাঁটলেন মেসি, এবার কি হবে তাদের ক্লাবের লড়াই

গত ফেব্রুয়ারিতে বড় এক চমকপ্রদ ঘোষণা দিয়েছিলেন ক্রিষ্টিয়ানো রোনালদো। ইউনিয়ন দে পোর্তিভা আলমেইরার ২৫ শতাংশ শেয়ার কেনার ঘোষণা দেন সিআর সেভেন। এবার সেই পথ অনুসরণ করলেন তারই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। 

সুদীর্ঘ ক্যারিয়ারে এলএম টেন তার সেরা সময়টা কাটিয়েছেন বার্সেলোনায়। এবার সেই শহরেই ফুটবল ক্লাব কিনলেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী তারকা। রোনালদোর মতোই মালিকানার জগতে পা রাখলেন এলএম টেন। স্প্যানিশ ফুটবলের পঞ্চম স্তরের ক্লাব ইউই কর্নেলার সম্পূর্ণ মালিকানা কিনে নিয়েছেন লিওনেল মেসি।

এক বিবৃতিতে ক্লাবটি জানায়, বায়াক্স লোব্রেগাত অঞ্চলের এই দলের নতুন মালিক এখন মেসি। স্থানীয় পর্যায়ে প্রতিভা গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসাবেই এই বিনিয়োগ করেছেন তিনি। এই ক্লাব থেকেই থেকেই উঠে এসেছেন জর্দি আলবা, জেরার্ড মার্টিন, ডেভিড রায়ার মতো তারকা ফুটবলার। বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মেসির আগমনে ক্লাবের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে।

১৯৫১ সালে প্রতিষ্ঠিত কর্নেলা অতীতে বেশ কিছু চমক দেখিয়েছে। ২০১৩-১৪ মৌসুমে তৃতীয় স্তরের লিগ সেগুন্দা ডিভিশন ‘বি’তে খেলেছিল তারা। ২০২১ সালের কোপা ডেল’রেতে অ্যাটলেটিকোকে হারিয়ে আলোচনায় আসে তারা। বর্তমানে নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে দলটি। তবে ক্লাব মালিকানায় এটিই মেসির প্রথম পদক্ষেপ নয়। এর আগে সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে যৌথভাবে একটি ক্লাব পরিচালনা শুরু করেছিলেন তিনি। সেইসঙ্গে তরুণ প্রতিভাবান ফুটবলারদের বিকাশে ‘মেসি কাপ’ নামের অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টও চালু করেছিলেন মেসি।

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই এবং ইন্টার মায়ামিতে যাওয়ার আগে বার্সেলোনায় মেসির সময়টা ছিল দুর্দান্ত। কাতালান ক্লাবটির হয়ে ২০০৪ থেকে ২০২১ পর্যন্ত ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করে অনন্য কীর্তি গড়েছিলেন তিনি। জিতেছেন ১০টি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য ট্রফি। এবার সেই শহরের ক্লাবে পুরো ১০০ শতাংশ স্বত্ব কিনলেন মেসি।

এরপর থেকেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে ভক্ত-সমর্থকদের মনে। একসময় মেসি-রোনালদোর দ্বৈরথ দেখা ফুটবল দুনিয়া কী এবার তাহলে তাদের ক্লাবের লড়াই দেখার সুযোগ পাবে? মেসির ক্লাব কি রোনালদোর কেনা দলের মুখোমুখি হবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here