বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ এলাকায় পৃথক অভিযানে হরিণ শিকারের অভিযোগে চারজন এবং নিষিদ্ধ সময়ে মাছ ধরার অভিযোগে তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় দুটি ফিশিং ট্রলার ও মাছ ধরার জাল জব্দ করা হয়।
বন বিভাগ জানায়, বুধবার সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের শেলারচরের ছাপড়াখালিতে নিয়মিত টহলের সময় স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা বনে পেতে রাখা হরিণ শিকারের ফাঁদ দেখতে পান। পরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ফাঁদসহ চার শিকারীকে আটক করা হয়। ঘটনাস্থলের অদূরের একটি খাল থেকে তাদের ব্যবহৃত একটি ফিশিং ট্রলারও জব্দ করা হয়।
আটক হরিণ শিকারীরা হলেন— সোলায়মান হাওলাদার (৪০), রাসেল (৩৮), নয়ন বিশ্বাস (১৭) ও নুর আলম (১৮)। তাদের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামে।
একই দিন সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের সুপতি এলাকার সাইডখালে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ ধরার সময় একটি ফিশিং ট্রলার ও জালসহ তিন জেলেকে আটক করা হয়। আটক জেলেরা হলেন— হিরু (৪০), আলমগীর (৩৫) ও তামিম মৃধা (১৯)। তাদের বাড়ি বরগুনার ছোট পাথরঘাটা গ্রামে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শফিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে আটক সাতজনকে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

