মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত মো. ইলিয়াছ মোল্লা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর শ্যামলী হৃদরোগ ইনস্টিটিউটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কোলা অটোস্ট্যান্ড ও কোলা প্রাইমারি স্কুলসংলগ্ন এলাকায় হামলার ঘটনা ঘটে। নিহত ইলিয়াছ মোল্লা কোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কোলা গ্রামের মৃত ইদ্রিস মোল্লার ছেলে। তিনি তিন মেয়ে ও দুই ছেলের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় একজনদের সঙ্গে জমি-জমা নিয়ে তার বিরোধ চলছিল। এরই জেরে একই এলাকার সিদ্দিক মোল্লা, তার ছেলে বিপ্লব মোল্লা, বিদ্যুৎ মোল্লা, রওশনারা বেগমসহ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ইলিয়াছ মোল্লা ও ইসহাক মোল্লা গুরুতর আহত হন।
আহতদের প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে ইলিয়াছ মোল্লার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে শ্যামলী হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়, সেখানেই তার মৃত্যু হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

